ঈদে আসছে "বনলতা সেন"

ছবি: সংগৃহীত- নতুন চলচ্চিত্র ‘বনলতা সেন’
আসন্ন ঈদুল আজহার সিনেমা তালিকায় যুক্ত হতে যাচ্ছে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র ‘বনলতা সেন’।শুক্রবার (১৫ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির একটি রহস্যময় পোস্টার প্রকাশের মাধ্যমে পরিচালক এই ঘোষণা দেন।
কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। পোস্টারে দেখা গেছে একটি বিশালাকৃতির ফটক, যার ওপর ময়ূরের পেখমের মতো একটি রাজমুকুট শোভা পাচ্ছে। দরজার একটি বড় চাবির ছিদ্রে একজন ব্যক্তিকে উঁকি দিতে দেখা যাচ্ছে, যা দর্শকদের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। পোস্টার শেয়ার করে পরিচালক লিখেছেন, তালা খোলার পথহীন এক রহস্যময় ঘরের কথা, যেখানে বন্দি কোনো এক চরিত্র।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও অভিনেতা খাইরুল বাশার। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী ও শরিফ সিরাজসহ আরও অনেকে।
এটি মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় চলচ্চিত্র; এর আগে তার পরিচালিত ‘উনপঞ্চাশ বাতাস’ বেশ প্রশংসিত হয়েছিল। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ গত ১২ এপ্রিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় জীবনানন্দের কবিতার অনুপ্রেরণায় তৈরি এই গল্পটি দেখার অপেক্ষায় আছেন সিনেপ্রেমীরা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









