নবদম্পতিদের বাসর রাত কিংবা বাসর ঘর নিয়ে প্রচলিত সব গল্পের বাইরে এবার ভিন্ন এক বাসর রাতের গল্প নিয়ে হাজির হচ্ছেন নাট্যনির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান।ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলের রসায়নে আসন্ন ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘পাল্লু বিল্লুর বিয়ে’।

news_1759269002680

সিএমভি’র ব্যানারে সদ্য সমাপ্ত এই নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন জোভান ও পায়েল। নাটকটিতে জোভানকে ‘পাল্লু’ এবং পায়েলকে ‘বিল্লু’ চরিত্রে দেখা যাবে। নির্মাতা সাগর জাহান জানান, এটি মূলত দাম্পত্য জীবনের শুরু নিয়ে তৈরি ভিন্ন ঘরানার এক প্রেমের গল্প। নাটকে কেয়া পায়েলকে পুরান ঢাকার স্থানীয় ‘ঢাকাইয়া’ ভাষায় কথা বলতে দেখা যাবে, যেখানে উঠে এসেছে পুরান ঢাকার জীবনযাত্রার দারুণ এক প্রতিচ্ছবি।

নাটকটিতে জোভান-পায়েল ছাড়াও আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম ও বাপ্পী আশরাফ প্রমুখ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নাটকটি খুব শীঘ্রই সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। নাটকটি ঘিরে দুই তারকার ভক্তদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

প্রাইমটিভি/বিএম