কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের শর্ট ফিল্ম বিভাগ ‘সিনেমা দ্য দোমাঁ’য় জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’। ১৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি উৎসবের আন্তর্জাতিক পরিবেশক, প্রতিনিধি ও ক্রেতাদের সামনে প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১১ বছর বয়সী এক স্থানীয় কিশোরীকে কেন্দ্র করে। একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে গড়ে ওঠা এক অপ্রত্যাশিত সম্পর্কের মধ্য দিয়ে তার সাহস ও বেঁচে থাকার নতুন আশা খুঁজে পাওয়ার গল্প ফুটে উঠেছে এখানে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছে কক্সবাজারের এক স্থানীয় কিশোরী।

নুড়ি’র রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান এবং প্রযোজনা করেছেন হাসিব জুবেরী শিহান। উৎসবের অংশ নিতে তারা দুজনই বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছেন বাশার জর্জিস ও হিমেশ কর। এছাড়া চিত্রগ্রহণে মোহাম্মদ আরিফুজ্জামান, শব্দ পরিকল্পনায় শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ, সংগীতে আমজাদ হোসেন এবং সম্পাদনায় সামীর আহমেদ ও শিহান জুবেরি যুক্ত ছিলেন।

প্রযোজক শিহান জানান, এটি তরুণ নির্মাতাদের জন্য বৈশ্বিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ সুযোগ। অন্যদিকে, নির্মাতা মিথুন জামানের মতে, সিনেমাটিতে একটি কিশোরীর অন্তর্জগতের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে বৈশ্বিক বাস্তবতা মানুষের ব্যক্তিগত আবেগ ও জীবনে প্রভাব ফেলে।

প্রাইমটিভি/বিএম