কলকাতার টালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৪ বছর ধরে জমে থাকা ক্ষোভ এবার প্রকাশ্যে এনেছেন স্থানীয় টেকনিশিয়ানরা। স্থানীয় কলাকুশলীদের কাজের সুযোগ কমে যাওয়া, পারিশ্রমিক বৈষম্য এবং টালিউডে বাংলাদেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে টেকনিশিয়ান স্টুডিওতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ‘শিল্প নির্দেশনা’ বিভাগের এক জ্যেষ্ঠ টেকনিশিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাংলাদেশি শিল্পীরা কলকাতায় এসে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, যার ফলে লাভবান হচ্ছেন বাংলাদেশের প্রযোজকেরা। অথচ স্থানীয় টেকনিশিয়ানরা ন্যায্য মূল্যায়ন ও পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন।" ভিনদেশি শিল্পীদের অবাধ প্রবেশের কারণে স্থানীয়দের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে বলেও তারা দাবি করেন।

টেকনিশিয়ানদের এই অভিযোগের প্রেক্ষিতে রুদ্রনীল ঘোষ একটি সতর্ক অবস্থান নেন। তিনি বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর ও আন্তর্জাতিক সম্পর্কসংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করে বলেন, ঘরোয়া বৈঠকে এর তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এটি ভারত ও বাংলাদেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের বিষয় হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল ভারতের কেন্দ্রীয় সরকারের। তবে স্থানীয় টেকনিশিয়ানদের এই উদ্বেগ ও দাবি তিনি গুরুত্ব সহকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রাইমটিভি/বিএম