বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় ও গুণী তারকা রাফিয়াত রশিদ মিথিলার আজ জন্মদিন। অভিনয়, সংগীত এবং উন্নয়নমূলক কাজের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবারের বিশেষ দিনটিও তিনি কাটাচ্ছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে অফিশিয়াল দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্য দিয়ে।

mithila-1714818011

মিথিলা জানান, বড় কোনো আয়োজন না থাকলেও দিনশেষে মেয়ে ও পরিবারের সাথে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার। এখন আর জন্মদিন নিয়ে আগের মতো বাড়তি উচ্ছ্বাস কাজ করে না, বরং কাজই তার প্রধান মনোযোগের জায়গা। কাজের ফাঁকে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় তিনি আপ্লুত।

উন্নয়নকর্মী হিসেবে সুপরিচিত মিথিলা শিশু শিক্ষা ও নারী অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে কাজ করছেন। পাশাপাশি নাটক, ওটিটি ও সিনেমায় তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 'একাত্তর' সিরিজ দিয়ে ওটিটিতে যাত্রা এবং 'অমানুষ' সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের 'কাজল রেখা' চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া 'অভাগী' ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই তারকার জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

প্রাইমটিভি/বিএম