উনি শুধু পরিচালকই নন, উনি একজন ওস্তাদ: পরীমনি

ছবি- সংগৃহীত চিত্রনায়িকা পরীমণি
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন।সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমী হামিদের উপস্থাপনায় ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ক্যারিয়ার ও নানা অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

আলাপচারিতার একপর্যায়ে পরীমণি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের প্রসঙ্গ টেনে আনেন।তিনি অকপটে স্বীকার করেন যে, অভিনয়জীবনে তিনি সবচেয়ে বেশি বকা খেয়েছেন এই পরিচালকের কাছেই। তবে গিয়াসউদ্দিন সেলিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরীমণি বলেন, ‘উনি শুধু পরিচালকই নন, উনি একজন ওস্তাদ।’

তিনি আরও বলেন গিয়াসউদ্দিন সেলিমের শুটিং সেটে কাজের পরিবেশ থাকত বেশ অন্যরকম। শুটিংয়ের সময় পরিচালকের মুখের অভিব্যক্তি দেখে বোঝার উপায় থাকত না যে তিনি কোনো দৃশ্যে সন্তুষ্ট হয়েছেন নাকি অসন্তুষ্ট। তার এই রিঅ্যাকশন লুকিয়ে রাখার অভ্যাসের কারণে সেটে শিল্পী ও কলাকুশলীরা সব সময় এক ধরনের মানসিক চাপে এবং বিচলিত থাকতেন।
বিশেষ করে ‘স্বপ্নজাল’ সিনেমার শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করে পরীমণি জানান, কখন যে কী ভুল হয়ে যায়—সেই ভয়ে তিনি সবসময় তটস্থ থাকতেন। এমনকি শুটিং শেষ হওয়া পর্যন্ত পরিচালক নিজে যেমন টেনশনে থাকতেন, তা দেখে পরীমণিও বেশ প্যানিকড হয়ে যেতেন। সব মিলিয়ে কড়া শাসনের মধ্য দিয়েই এই গুণী পরিচালকের কাছ থেকে অভিনয়ের দারুণ সব পাঠ নিয়েছেন তিনি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






