মার্কিন হিপহপ জগতের দুই চিরশত্রু র‍্যাপার ফিফটি সেন্ট শন ‘ডিডি’ কম্বসের মধ্যকার বৈরিতা এবার রূপ নিয়েছে বীভৎসতায়। সম্প্রতি ডিডির সঙ্গে ফিফটি সেন্টের প্রাক্তন প্রেমিকা ও মডেল ডাফনি জয়ের একটি আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ফাঁস হওয়ায় তোলপাড় চলছে হলিউডে। ভিডিওটিতে তাদের সঙ্গে স্লাই ডিগলার নামের এক যৌনকর্মীকেও দেখা গেছে।

শুরুতে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও হিপহপ সাংবাদিক ডিজে ভ্লাদ দাবি করেছেন এটি শতভাগ আসল। স্লাই ডিগলারের বরাত দিয়ে জানা যায়, ডিডি জোরপূর্বক ডিগলারের ফোন ব্যবহার করে ভিডিওটি ধারণ করেছিলেন। পরবর্তীতে ফোন হ্যাকের মাধ্যমে এটি লিক করা হয়।

এই ঘটনায় স্বভাবসুলভভাবেই ডিডি-কে নিয়ে তীব্র উপহাস করেছেন ফিফটি সেন্ট। তবে একই সঙ্গে প্রাক্তন প্রেমিকার ওপর ক্ষোভ উগরে দিয়ে নিজের ১৪ বছর বয়সী ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফটি সেন্ট জানান, এই ঘটনার আসল ভুক্তভোগী তার নাবালক ছেলে, যাকে স্কুলে গিয়ে এখন মায়ের এই কলঙ্কের মুখোমুখি হতে হচ্ছে। ছেলের সুরক্ষায় তিনি এখন একক অভিভাবকত্বের আইনি লড়াই চালাচ্ছেন।

অন্যদিকে, মানব পাচার ও যৌন নিপীড়নের একাধিক গুরুতর অভিযোগে বর্তমানে ফেডারেল জেলে বন্দি রয়েছেন ডিডি। জেলবন্দি থাকায় এই ভিডিও ফাঁসের বিষয়ে ডিডির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রাইমটিভি/বিএম