আপনাদের ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে- মিথিলা

ছবি- সংগৃহীত
ঈদে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার। ক্যারিয়ারের প্রথম সিনেমায় নিজের প্রথম উপস্থিতিতেই দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পেয়ে আবেগাপ্লুত হয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নিজের অনুভূতির কথা জানান মিথিলা। বড় পর্দায় প্রথমবার নিজেকে দেখার অভিজ্ঞতা এবং দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি।
মিথিলা লেখেন, “এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন।”
তিনি জানান, সিনেমা হলে নিজের প্রথম দৃশ্য প্রদর্শনের সময় দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।
নবাগত এই অভিনেত্রী বলেন, “পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের চিৎকার, উচ্ছ্বাস আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। একজন নতুন অভিনেত্রীর জন্য এমন অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন।”
দর্শকদের ভালোবাসাকে নিজের অভিনয়জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সমর্থন ও উৎসাহ তাকে আরও বড় স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিথিলা লেখেন, “প্রতিটি হাততালি, প্রতিটি হাসি এবং প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটিকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।”
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি নতুন মুখ হিসেবে তানজিয়া জামান মিথিলার উপস্থিতিও দর্শকদের নজর কাড়ছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






