‘বনলতা এক্সপ্রেস’ বন্ধের প্রতিবাদে মানববন্ধন, থাকবেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত- রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টায় শাহবাজপুর ইউনিয়নের প্রথম গেইট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ এবং স্থানীয় আয়োজকরা সর্বস্তরের জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে এই কর্মসূচির বিরোধিতা করেছেন কওমি ঐক্যপরিষদের নেতা নাসরুল্লাহ মুয়াজ। তিনি একে 'ইসলামবিরোধী অপসংস্কৃতির আগ্রাসন রুখে দেওয়া' হিসেবে অভিহিত করে এবং উসকানি বন্ধের আহ্বান জানান।
উল্লেখ্য, গত শনিবার (৩০ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু কওমি মাদরাসার শিক্ষার্থীদের বিরোধিতার মুখে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি প্রদর্শনীটি স্থগিত করে। পরবর্তীতে কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকল্প আয়োজনের চেষ্টা করা হলেও প্রশাসন ও পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। ইউল্যাব শিক্ষার্থী ও আয়োজক আদিব রেজা রঙ্গণ জানান, প্রদর্শনী শুরুর আগমুহূর্তে এটি বন্ধ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই বর্তমানে তীব্র আলোচনা-সমালোচনা এবং প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






