নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে "ইত্যাদি"

ছবি- সংগৃহীত- ইত্যাদি
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব এবার ধারণ করা হয়েছে প্রকৃতি, প্রত্নতত্ত্ব ও লোকজ ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ নরসিংদীতে। ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনুষ্ঠানটি প্রচারিত হবে।
নব্বইয়ের দশক থেকেই নির্মাতা হানিফ সংকেত স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ স্থানে ‘ইত্যাদি’র শুটিং করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চ নির্মাণ করা হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’-এর সামনে।

অনুষ্ঠানটিকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ তৈরি হয়। জেলা প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্রের মাধ্যমে দর্শকেরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। স্থান সংকুলান না হওয়ায় অনেকে আশপাশের ভবনের ছাদ, দেয়াল ও গাছের ডালে উঠেও অনুষ্ঠান উপভোগ করেন। এমনকি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ভ্যাপসা গরম উপেক্ষা করে দর্শকেরা দীর্ঘ সময় ধরে করতালি ও স্লোগানে চারপাশ মুখরিত করে রাখেন।
এবারের পর্বে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে একটি পরিচিতিমূলক নৃত্যগীত থাকছে। মনিরুজ্জামান পলাশের কথায় এবং হানিফ সংকেতের সুরে এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এর কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। এছাড়া নরসিংদীর সন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবেশনায় থাকছে একটি বিশেষ ফোক-ফিউশনধর্মী গান, যার সুর ও সংগীতায়োজন করেছেন ইমন নিজেই।
নিয়ম অনুযায়ী, নরসিংদীকে নিয়ে কুইজের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে ৪ জন বিজয়ী নির্বাচন করা হয়, যারা পরবর্তীতে জেলার ঐতিহ্যবাহী পণ্য নিয়ে একটি মজার নাট্যাংশে অংশ নেন। পাশাপাশি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ‘উয়ারী বটেশ্বর’, নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন থাকছে এবারের ইত্যাদিতে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






