অনুপ দাসের পরিচালনায় ‘রেখা’ সিনেমার শুটিং চলছে উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে। এই ছবিতে পরিচারিকা ‘বুলি’র চরিত্রে এক্কেবারে ছিমছাম ও সাদামাটা লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের পাশাপাশি তার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে।

rituparna-sengupta-69971342935b2

গল্পের কেন্দ্রে রয়েছেন ‘রেখা’ নামের এক প্রবীণ মহিলা, যার চরিত্রে অভিনয় করছেন মমতা শংকর। স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে পুরোনো বাড়ি বাঁচানোর জন্য প্রোমোটারের বিরুদ্ধে রেখার যে লড়াই, সেখানে তার পাশে শক্ত খুঁটির মতো দাঁড়িয়েছে পরিচারিকা বুলি। ‘দহন’ ও ‘উৎসব’-এর পর ফের মমতা শংকরের সঙ্গে কাজ করাকে বড় প্রাপ্তি উল্লেখ করে ঋতুপর্ণা জানান, মাতৃবিয়োগের পর ‘মমদি’ তাকে মাতৃস্নেহে আগলে রেখেছেন। চরিত্রের বাস্তবসম্মত লুক প্রসঙ্গে তিনি বলেন, ব্যস্ততার কারণে পরিচারিকারা যেভাবে নিজের যত্ন নিতে পারেন না, ঠিক সেই বাস্তবতাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

Rituparna

ইন্ডাস্ট্রির পরিবর্তন প্রসঙ্গে ঋতুপর্ণা দৃপ্ত কণ্ঠে জানান, "যে বদলই আসুক, আমার কাছে সিনেমার গুরুত্ব সবচেয়ে বেশি। সিনেমা কর্মী হিসাবে চাইব আরও বেশি সিনেমা হোক, ইন্ডাস্ট্রি আরও বড় হোক।" আর সামাজিক মাধ্যমের ট্রোলিংকে পাত্তা না দিয়ে কাজকেই নিজের একমাত্র ধ্যানজ্ঞান মনে করেন এই অভিনেত্রী।

প্রাইমটিভি/বিএম