সংগীতশিল্পী বাদশার পানশালায় তালা দিলেন পুলিশ

ছবি- সংগৃহীত সংগীতশিল্পী বাদশা
জনপ্রিয় ভারতীয় র্যাপার ও সংগীতশিল্পী বাদশা আবারও নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। এবার চণ্ডীগড়ে অবস্থিত তার মালিকানাধীন বিলাসবহুল পানশালা (পাব) ‘সাগো’ সিল করার নোটিস দিয়েছে স্থানীয় পুলিশ। মূলত নির্মাণ সংক্রান্ত আইনি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে চণ্ডীগড়ের সেক্টর ২৬-এর একটি অভিজাত এলাকায় ‘সাগো’ নামে এই পানশালাটি চালু করেছিলেন বাদশা। তবে সম্প্রতি স্থানীয় প্রশাসনের তদন্তে উঠে আসে যে, পানশালাটি অবৈধভাবে এবং সরকারি নির্মাণ বিধি অমান্য করে তৈরি করা হয়েছে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই পুলিশ স্থাপনাটি বন্ধের নোটিস জারি করে। অবশ্য এই আইনি নোটিস ও সিলগালা করার বিষয়ে বাদশার বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই প্রথম নয়; এর আগেও বেশ কয়েকবার নানা বিতর্কে নাম জড়িয়েছে এই জনপ্রিয় র্যাপারের। কিছুদিন আগেই তার একটি গানের কথায় অত্যন্ত অশালীন ও আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনায় জল এতদূর গড়ায় যে, শেষ পর্যন্ত ভারতের জাতীয় মহিলা কমিশনের (NCW) কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন বাদশা। সেই রেশ কাটতে না কাটতেই এবার পানশালা সিলের নোটিস তার আইনি অস্বস্তি আরও বাড়িয়ে দিল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






