ফোর্বসের তালিকায় হানিয়া আমির

ছবি- সংগৃহীত অভিনেত্রী হানিয়া আমির
পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যুক্ত হলো এক ঐতিহাসিক আন্তর্জাতিক গৌরব। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন এই তারকা। প্রতিবছর অনূর্ধ্ব ৩০ বছর বয়সি এশিয়ার সেরা প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকার ‘বিনোদন ও ক্রীড়া’ বিভাগে ২৮ বছর বয়সী হানিয়ার নাম জ্বলজ্বল করছে।

২০১৬ সালে 'জানান' সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন হানিয়া আমির। এরপর নিজের দুর্দান্ত অভিনয়প্রতিভার জোরে একের পর এক সুপারহিট নাটক ও সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। 'ফির ওহি মোহাব্বতে' নাটকে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ‘সেরা টেলিভিশন সেনসেশন নারী’ বিভাগে সম্মানজনক হাম অ্যাওয়ার্ডসও লাভ করেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও হানিয়া আমিরের প্রভাব আকাশচুম্বী। বর্তমানে ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি অনুসারী নিয়ে তিনি পাকিস্তানের অন্যতম শীর্ষ জনপ্রিয় নারী তারকা। মূলত অভিনয়জগতে অবদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বিপুল জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিশেষ অর্জন উদ্যাপন করতে লাল রঙের ক্যামিসোল টপ ও জিন্স পরা স্টাইলিশ লুকে ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী।

এর আগে গত বছরের শেষের দিকে জাতিসংঘের ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন হানিয়া। সেই রেশ কাটতে না কাটতেই ফোর্বসের এই বৈশ্বিক স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থানকে আরও শক্ত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্যারিয়ারের এই সুবর্ণ সময়ে বর্তমানে একটি বড় আন্তর্জাতিক প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। জানা গেছে, তিনি একটি ঐতিহাসিক পাকিস্তানি অরিজিনাল সিরিজের অভিনয়ে যুক্ত আছেন, যা বিশ্বের অন্যতম শীর্ষ একটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে (ওটিটি) মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






