যৌন হয়রানির অভিযোগ মিথ্যা, ৯ বছর পর অভিনেত্রী স্বীকারোক্তি

ছবি- সংগৃহীত অভিনেত্রী শিল্পা শিন্ডে
ভারতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী শিল্পা শিন্ডে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তবে এবার কোনো নতুন কাজ বা ধারাবাহিকের জন্য নয়, বরং দীর্ঘ ৯ বছর পর নিজের করা একটি মারাত্মক অভিযোগের বিষয়ে বিস্ফোরক ও চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শিল্পা নিজেই স্বীকার করেছেন যে, অতীতে এক প্রযোজকের বিরুদ্ধে তার আনা যৌন হেনস্থার অভিযোগটি সম্পূর্ণ 'মিথ্যা' ছিল।
সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার একটি জনপ্রিয় পডকাস্টে হাজির হয়ে অতীতের এই বিতর্ক নিয়ে মুখ খোলেন ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত এই অভিনেত্রী। তিনি জানান, ধারাবাহিকটি ছাড়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার বিরোধ যখন চরম আকার ধারণ করেছিল, তখন নিজেকে রক্ষা করার জন্য অন্য কোনো পথ খুঁজে না পেয়েই তিনি এই পথ বেছে নিয়েছিলেন।
সাক্ষাৎকারে শিল্পা বলেন, “অনেকে হয়তো বিষয়টি জানেন না। আমি আজ সত্যিটা বলতে চাই। আমার প্রযোজকের বিরুদ্ধে আমি যৌন হয়রানির মামলা করেছিলাম, কারণ তখন আমার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। পরে বিষয়টির মীমাংসা হয় এবং আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি।”

আইন নিয়ে পড়াশোনা করা এই অভিনেত্রী আরও যোগ করেন, “আজ আমি প্রথমবারের মতো স্বীকার করছি, অভিযোগটি মিথ্যা ছিল। পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে আমাকে বলা হয়েছিল বিষয়টি গুরুতরভাবে লিখতে হবে। আমি আইন বিষয়ে পড়াশোনা করেছি, তাই পুরো বিষয়টি বুঝেই করেছিলাম। এখন আমি খোলাখুলিভাবে বলছি, সেটি সত্য ছিল না।”
শিল্পা জানান, এই গুরুতর অভিযোগটি করার পর ইন্ডাস্ট্রির প্রযোজকদের একটি বড় অংশ তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তার পাওনা পারিশ্রমিকও কয়েক মাস আটকে রাখা হয়েছিল। তবে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং তার বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়ার পর শিল্পা শিন্ডের সঙ্গে প্রযোজক সঞ্জয় কলি এবং বিনাইফার কলির তীব্র আইনি ও মানসিক বিরোধ শুরু হয়। সে সময় প্রযোজকদের পক্ষ থেকে অভিনেত্রীকে ‘অপেশাদার’ আখ্যা দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এর জবাবেই শিল্পা প্রযোজকদের বিরুদ্ধে একাধিক পাল্টা অভিযোগ এনেছিলেন, যার মধ্যে এই যৌন হয়রানির বিষয়টিই সে সময় পুরো বিনোদন দুনিয়ায় সবচেয়ে বেশি শোরগোল ফেলেছিল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






