আরিয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রিয়া চক্রবর্তীর

ছবি- সংগৃহীত রিয়া চক্রবর্তী এবং আরিয়ান খান
মাদককাণ্ডের সেই দুঃসহ দিনগুলো কাটিয়ে ওঠার পর বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চলা নেটিজেনদের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে রিয়া নিজেই স্বীকার করেছেন যে, জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

মাদককাণ্ডে জড়িয়ে প্রায় এক মাস মুম্বাইয়ের আর্থার রোডের জেলে বন্দি থাকতে হয়েছিল হবু পরিচালক আরিয়ান খানকে। অন্যদিকে, প্রায় একই ধরনের অভিযোগে এর আগে ২৮ দিন জেল খাটতে হয়েছিল রিয়া চক্রবর্তীকেও। দুজনের গ্রেফতারের মধ্যে প্রায় এক বছরের ব্যবধান থাকলেও, মাদক সংগ্রহ ও সেবনের অভিযোগ থেকে শুরু করে আটক ও গ্রেফতারের পুরো প্রক্রিয়ার মধ্যেই ছিল অদ্ভুত মিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিয়ানের সঙ্গে যোগাযোগের বিষয়ে রিয়া চক্রবর্তী বলেন, “হ্যাঁ, আমি আরিয়ান খানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কারণ ওই কঠিন মুহূর্তে একজন মানুষের মানসিক অবস্থা কেমন থাকে, তা আমি খুব ভালো করেই জানি। আরিয়ানের পুরো ঘটনাটির সঙ্গে আমার ভাই শৌভিকের পরিস্থিতির অনেক মিল রয়েছে। মূলত সেই সহানুভূতি থেকেই আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম।”
কারাগার থেকে ফেরার পর নিজের কঠিন দিনগুলোর স্মৃতি চারণ করে রিয়া আরও জানান, তিনি অত্যন্ত ভাগ্যবতী যে সেই ঝোড়ো সময়ে কিছু খাঁটি বন্ধুকে পাশে পেয়েছিলেন। সমাজ ও নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হওয়ার ভয় উপেক্ষা করে অভিনেত্রী হুমা কুরেশি, তার ভাই শাকিব সালিম, শিবানী দণ্ডেকর এবং অনুষা দণ্ডেকরের মতো তারকারা সার্বক্ষণিকভাবে রিয়ার পাশে ছিলেন। রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার বন্ধুরা জানত যে আমাদের পাশে দাঁড়ালে তারাও ট্রোলের শিকার হবে, তাও তারা পিছু হঠেনি। এমনকি আমি যখন বন্দি ছিলাম, তখন ওরাই আমার মা-বাবার খেয়াল রেখেছিল।”
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






