মাইকেল জ্যাকসনের গান গাইবে ওয়ারফেজ

ছবি- সংগৃহীত - ওয়ারফেজ
প্রয়াত পপ আইকন মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর যখন বিশ্বজুড়ে তাকে নিয়ে উন্মাদনা চলছে, ঠিক তখনই এই কিংবদন্তিকে বিশেষ ট্রিবিউট দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশের কালজয়ী মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’।
আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক একটি বিশেষ কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, এই কনসার্টে ওয়ারফেজ নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি মাইকেল জ্যাকসনের ডজনখানেক গান পরিবেশন করবে। সম্প্রতি একুশে পদকে ভূষিত হওয়া ওয়ারফেজ এবং পপ কিং মাইকেল জ্যাকসন—এই দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন। কনসার্টের টিকিট শিগগিরই ‘গেটসেট রক’-এ পাওয়া যাবে।

এদিকে, আগামী শনিবার (৬ জুন) পথচলার ৪২ বছরে পা রাখছে ওয়ারফেজ। দিনটি উদযাপনে তারা একটি প্রাইভেট কনসার্ট ও ঘরোয়া আড্ডার আয়োজন করেছে। তবে ভক্তদের জন্য বড় সুখবর হলো, ব্যান্ডটি শিগগিরই দুটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। এর মধ্যে একটি হলো ১৯৯৬ সালের ‘জীবনধারা’ অ্যালবামের ‘ক্রমশ’ গানের নতুন সংস্করণ এবং অন্যটি একটি চলচ্চিত্রের গান, যার বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না।
বর্তমানে ওয়ারফেজ-এর লাইনআপে রয়েছেন শেখ মনিরুল আলম টিপু, ইব্রাহিম আহমেদ কমল, পলাশ নূর, নাঈম হক রজার, শামস, সামির হাফিজ ও সৌমেন দাস।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






