বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক ও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সাবেক চেয়ারম্যান পাহলাজ নিহালানি আর নেই। বৃহস্পতিবার (৪ জুন,২০২৬) মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন।

হিন্দি চলচ্চিত্রাঙ্গনে প্রযোজক হিসেবে পাহলাজ নিহালানি ছিলেন এক প্রভাবশালী নাম। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে তিনি বলিউডকে একের পর এক বক্স-অফিস কাঁপানো বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছেন। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আঁখে’, ‘আন্দাজ’, ‘তালাশ’, ‘রঙ্গিলা রাজা’ এবং ‘জুলি টু’। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি তিনি অল্প সময়ের জন্য পরিচালনায় এসেছিলেন এবং ২০০৮ সালে ‘হাল্লা বোল’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ও করেন। এ ছাড়া দীর্ঘ ২৯ বছর তিনি ‘অ্যাসোসিয়েশন অব পিকচার্স অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রডিউসার্স’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Pahlaj-Nihalani-Death

তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিবিএফসি-র চেয়ারম্যান থাকাকালীন। সিনেমায় কাঁচি চালানো, সাহসী দৃশ্য বাদ দেওয়া এবং ভারতীয় মূল্যবোধ ধরে রাখার ক্ষেত্রে তাঁর কড়া ও আপসহীন নীতি চরম বিতর্কের জন্ম দেয়। ভারতীয় সিনেমার ইতিহাসে তার কার্যকালকে অন্যতম বিতর্কিত সময় ধরা হয়। তাঁর মৃত্যুতে বলিউডের একটি বর্ণাঢ্য ও আলোচিত অধ্যায়ের অবসান ঘটল। আজ বিকালেই মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্রাইমটিভি/বিএম