অভিনেতা ও মডেল পার্থ শেখ শুরুর দিকে নির্মাতা হিসেবে পথচলা শুরু করলেও, মাত্র দুই বছরের অভিনয়জীবনে নিজের এক অনন্য পরিচিতি তৈরি করেছেন। নাটক, ওয়েব ছবি ও মিউজিক ভিডিও সব মাধ্যমেই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন।

image_1780571257990

সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে ঈদে মুক্তি পাওয়া ‘অমর প্রেম’ নাটকে তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে তার রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। রোমান্টিক ঘরানার এই নাটকে পার্থর সংযত অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। এছাড়া, ঈদ উপলক্ষে গানচিল মিউজিকের ব্যানারে আইশা খানের বিপরীতে তার ‘মন বুঝিনা’ মিউজিক ভিডিওটিও বেশ সাড়া ফেলেছে। পার্থ-আইশা জুটি ইতোমধ্যেই দর্শক মহলে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।

image_1780571246706

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব ছবি ‘চা গরম’-এ ‘মিঠু’ চরিত্রে অভিনয় করে পার্থ তার বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। চা শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই কাজটি পার্থর ক্যারিয়ারে অন্যতম সেরা সংযোজন।

ব্যক্তিগত জীবনে একসময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা পার্থ ইনজুরির কারণে শোবিজে আসেন। আর ক্রিকেটের সেই হার না মানা মানসিকতাই আজ তাকে সফল করেছে। চলতি বছরের শুরুতে দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন এই তরুণ অভিনেতা। সব মিলিয়ে সময়টা এখন সত্যিই পার্থ শেখের।

 প্রাইমটিভি/বিএম