চিত্রনায়িকা ববির বাসায় চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণ

ছবি- সংগৃহীত জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রাজধানীর বাসায় চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন ফারুক ও তার স্ত্রী। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
এর আগে, গত ২৬ মে রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকায় ববির নিজ বাসায় চুরির এই ঘটনা ঘটে।

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, চুরির সময়ে শুটিংয়ের কাজে ঢাকার বাইরে ছিলেন ববি। সেই সুযোগে দুর্বৃত্তরা তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
চিত্রনায়িকা ববির দাবি, চুরির এই ঘটনায় তার প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। লুট হওয়া মালামালের মধ্যে ছিল তার প্রয়াত বাবার দেওয়া স্মৃতিবিজড়িত ৩০-৩৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং বেশ কয়েকটি মূল্যবান হাতঘড়ি। ঈদের মাত্র দুই দিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে ববি বলেন, “এই চোরদের সাধারণ চোর হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তারা অত্যন্ত সংঘবদ্ধ ও পেশাদার অপরাধী। আমার বাবার দেওয়া স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এর আর্থিক মূল্য যা-ই হোক না কেন, আবেগগত মূল্য আমার কাছে অনেক বেশি।”
এদিকে চুরির ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তোষ ও ধন্যবাদ প্রকাশ করেছেন ববি। তবে বাবার দেওয়া অধিকাংশ স্বর্ণালঙ্কার এখনো উদ্ধার না হওয়ায় বাকি মালামাল ফিরে পেতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
কাফরুল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে তদন্ত ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের শনাক্ত করা এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






