পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। সংগঠনের নেতৃত্ব ও কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নিল চরম সহিংসতায়। বৃহস্পতিবার (৪ জুন,২০২৬) টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও ও সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট, পাথর ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছুটে যেতে হয় রিজেন্ট পার্ক থানার পুলিশকে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, গত ৩ জুন টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এক বৈঠকের পর টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ‘টালিউড ফেডারেশন’ নামে আলাদা কোনো সংগঠন আর থাকছে না। এখন থেকে দিল্লি নিয়ন্ত্রিত একটি 'কো-ফেডারেশন' সামগ্রিক বিষয় দেখভাল করবে। একই সাথে ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান ও সহ-সম্পাদক নিরুপম দে বাবাইকে পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাপিয়া অধিকারী সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্তদের সরাতে "ডিটেক্ট, ডিলিট এবং ডিপোট" (ডি কিউব) ফর্মুলা ব্যবহার করা হবে।

এই সিদ্ধান্তের পর থেকেই টালিপাড়া দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকের আগে ২৬টি গিল্ডের প্রায় দুই হাজার সদস্য টালিগঞ্জের মাঠে জড়ো হয়ে নতুন কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানান। বাদ পড়া সদস্যরা মুখ্যমন্ত্রী ও পাপিয়া অধিকারীর সাথে কথা বলার দাবি জানালে অপর পক্ষ তাদের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং একে অপরকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যেই রাজনৈতিক দলবদল ও বহিরাগতদের ব্যবহারের অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

প্রাইমটিভি/বিএম