বিয়ে করেছেন দেশের টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে।

দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং একজন গবেষক।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আজ আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।”

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বা ক্যান্সার বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

টেলিভিশন অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন সমসাময়িক টকশো উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী ব্যাপক পরিচিতি লাভ করেন। রাজনৈতিক, সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার উপস্থাপনা দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।

নতুন জীবনের শুরুতে দীপ্তি চৌধুরী ও মুশতাক ইবনে আইয়ুবের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।

প্রাইমটিভি/কেআর