‘ইলন মাস্ক দেখতে ব্যাঙের মতো’: পপ তারকা দোজা ক্যাট

ছবি- সংগৃহীত ইলন মাস্ক
মার্কিন পপ তারকা দোজা ক্যাট ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মধ্যকার এক সাম্প্রতিক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সরাসরি ভয়েস নোট শেয়ার করার সুবিধা বা ‘অডিও পোস্ট ফিচার’ ফিরিয়ে আনার দাবি জানাতে গিয়ে ইলন মাস্ককে তীব্র ভাষায় আক্রমণ করেন এই গায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দোজা ক্যাট তার পোস্টে ইলন মাস্ককে উদ্দেশ্য করে লেখেন, “হেই ইলন, যদি তুমি এটি দেখে থাকো, তবে দয়া করে অডিও পোস্ট ফিচারটি ফিরিয়ে আনো।” তবে এই অনুরোধের পাশাপাশি তিনি মাস্ককে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন। তিনি লেখেন, “তোমাকে দেখতে ব্যাঙের মতো... এবং বালু খাওয়া মানুষের মতো লাগে।”

প্রথমে মাস্ককে সঠিকভাবে ট্যাগ না করায় এক অনুসারী বিষয়টি ধরিয়ে দেন। এরপর দোজা ক্যাট পুনরায় ইলন মাস্ককে ট্যাগ করে আরেকটি পোস্ট করেন। দ্বিতীয় দফায় তিনি আক্রমণ আরও জোরদার করে মাস্ককে ‘ঘাড়হীন শিম্পাঞ্জি’ বলে অভিহিত করেন। যদিও পোস্টের শেষে তিনি উল্লেখ করেন যে, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।

এই অদ্ভুত ও তীব্র কটূক্তির পরও এখন পর্যন্ত ইলন মাস্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা জবাব পাওয়া যায়নি। ফিচার ফিরিয়ে আনার এই ভিন্নধর্মী ও আক্রমণাত্মক দাবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






