ছায়ানটে শুরু হলো নজরুল উৎসব

ছবি- সংগৃহীত ছায়ানট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল উৎসব। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় কথন, গান, কবিতা ও নৃত্যের মেলবন্ধনে এই আয়োজনের উদ্বোধন হয়। ছায়ানটের শিল্পীদের ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ সম্মেলক গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে। উদ্বোধনী পর্বে স্বাগত কথন উপস্থাপন করেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল।
উৎসবের মূল আকর্ষণ ছিল ‘সপ্তগীতির মালায় গাঁথা নজরুলের স্বদেশবার্তা’ শীর্ষক বিশেষ পরিবেশনা, যেখানে কবির স্বদেশপ্রেম, সংগ্রামী চেতনা ও মানবমুক্তির বাণী মূর্ত হয়ে ওঠে। ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের নেপথ্য কণ্ঠ এবং ডালিয়া আহমেদ ও আশরাফুল হাসান বাবুর আবৃত্তিতে নজরুলের ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘নদী’ কবিতার অংশগুলো দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে নজরুলের বিপ্লবী ও সাম্যবাদী চেতনার গান পরিবেশন করেন শ্রাবন্তী ধর, প্রমিতা দেব ও মিরাজুল জান্নাত সোনিয়া। একক সংগীতে কণ্ঠ দেন ঐশ্বর্য সমাদ্দার, ইয়াসমিন মুশতারী ও প্রিয়াংকা গোপসহ একঝাঁক গুণী শিল্পী। এছাড়া সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের দলীয় পরিবেশনা মিলনায়তনে ভিন্ন আবহ তৈরি করে। প্রেম, সাম্য ও অগ্নিঝরা চেতনার আবহে ‘তোরা দেখে যা আমিনা’ গানের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন। শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






