অস্বস্তিকর দৃশ্য নিয়ে আপত্তি, বিতর্কের মুখে "পেডি"

ছবি- সংগৃহীত জাহ্নবী কাপুর
মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘পেডি’। বড় পর্দায় এই জুটির প্রথম রসায়ন দারুণ সাড়া ফেললেও, ছবির কয়েকটি দৃশ্য নিয়ে দর্শকের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আপত্তি তুলেছেন। সমালোচকদের দাবি, দর্শকের সস্তা দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে কিছু দৃশ্যে জাহ্নবী কাপুরকে অতিরিক্ত যৌনভঙ্গিমায় উপস্থাপন করা হয়েছে, যা অস্বস্তিকর এবং মূল কাহিনির গতি নষ্ট করেছে।

সামাজিক মাধ্যমে এই বিতর্ক রূপ নিলে অবশেষে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানিয়েছেন ছবির পরিচালক। নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কাউকে অস্বস্তিতে ফেলা বা অসম্মান করার ইচ্ছা কখনও আমার ছিল না। সিনেমার মূল উদ্দেশ্য বিনোদন ও দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা।’ ব্যক্তিগত ও পেশাগত জীবনে নারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি স্পষ্ট করেন, নারীদের কেবল বস্তু হিসেবে উপস্থাপন করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না।
একই সঙ্গে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে দর্শকের অনুভূতিকে সম্মান জানিয়ে ছবির বিতর্কিত দৃশ্যগুলোতে পরিবর্তন আনার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন পরিচালক। শুটিং চলাকালে রাম চরণের চোখে আঘাত পাওয়া এবং প্রচারণা বিতর্কের পর এবার দৃশ্য বদলের এই ঘটনা সিনেমাটিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে এই পুরো বিষয়ে মূল অভিনেত্রী জাহ্নবী কাপুর এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানানোয়, তাঁর অবস্থান জানতে ভক্তদের আগ্রহ তুঙ্গে রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






