বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে: দেব

দীপক অধিকারী । সংগৃহীত
টালিউডে রাজনৈতিক বিভাজন ও কথিত ‘ব্যান কালচার’ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ছিল। সেই প্রেক্ষাপটে অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব (দীপক অধিকারী) বরাবরই শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রেখে কাজ করার চেষ্টা করেছেন বলে ইন্ডাস্ট্রির অনেকের মত।
সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর টালিউডের বিভিন্ন বিষয় নতুন করে আলোচনায় এসেছে। এরই মধ্যে প্রযোজক ও সংগঠক স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন দেব। পোস্টে তার সঙ্গে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি ছিল ‘৭২ ঘণ্টা’ লেখা একটি ছবিও, যা আগে ব্যান কালচারের বিরুদ্ধে প্রতীকী বার্তা হিসেবে ব্যবহৃত হয়েছিল।
ছবিটি পোস্ট করে দেব লিখেছেন, “৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়; কিন্তু সত্যি কখনো বদলায় না। বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ দেশু ৭-এ প্রথম দিন, একসঙ্গে।”
দেবের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, টালিউডে দীর্ঘদিন ধরে চলা বিভাজন ও বিতর্কের প্রসঙ্গেই এই বার্তা দিয়েছেন তিনি।

অন্যদিকে, স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর আলোচনায় উঠে এসেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নামও। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, অনির্বাণকে কোণঠাসা করার পেছনে স্বরূপ বিশ্বাসের ভূমিকা ছিল। ফলে গ্রেফতারের পর অনির্বাণের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় ছিলেন অনেকেই।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, “অনেকে লড়াই করেছেন। আমি একা নই। আমি তো ইন্ডাস্ট্রির আলোর দিকের মানুষ। গ্ল্যামারের দুনিয়ায় অভিনেতাদের অবাধ চলাফেরা থাকে।”
তিনি আরও বলেন, “তবে ইন্ডাস্ট্রির যারা কলাকুশলী, যারা উপার্জনের দিক থেকে কিংবা গ্ল্যামারের বিচারে অনেকটাই পেছনে, তারা বেশি ভুগেছেন। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর মানুষ বিষয়গুলো জেনেছে, এমন নয়। আমরা এগুলো জানতাম বলেই এর বিরোধিতা করেছিলাম।”
স্বরূপ বিশ্বাসের গ্রেফতার ও দেবের সাম্প্রতিক পোস্টকে কেন্দ্র করে টালিউডের পুরোনো বিতর্কগুলো আবারও সামনে চলে এসেছে। ইন্ডাস্ট্রির একটি বড় অংশ এখন সুস্থ ও পেশাদার কর্মপরিবেশ ফিরে পাওয়ার প্রত্যাশা করছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






