আবারও বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার

ছবি- সংগৃহীত জেনিফার
১২ বছর আগে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি মাত্র দুই বছরের মাথায় ২০১৪ সালে ভেঙে যায় তাদের বিয়ে।

বিচ্ছেদের পর করণ সিং গ্রোভার বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করে নতুন জীবন শুরু করলেও, জেনিফার এতদিন একাই ছিলেন। বলিপাড়ার একাংশের দাবি, বিপাশার সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় করণের প্রেমের সম্পর্ক তৈরি হয়, যার জেরেই জেনিফারের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছিল। যদিও এই বিষয়ে জেনিফার কখনো প্রকাশ্যে মুখ খোলেননি।

দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর আবারও জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মুম্বাইয়ের বিনোদন পাড়ায়।গুঞ্জন উঠেছে, সম্প্রতি জেনিফার উইঙ্গেট আবারও বিয়ে করতে চলেছেন।পাত্র আর কেউ নন, তারই অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গায়ে’-এর সহ-অভিনেতা করণ ওয়াহি। দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব এবং একসঙ্গে কাজ করার সূত্র ধরেই এই প্রেমের গুঞ্জন এবং বিয়ের জল্পনা এখন তুঙ্গে। অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জুটির অফিশিয়াল ঘোষণার জন্য। বিবাহবিচ্ছেদের দীর্ঘ এক দশক পর জেনিফারের জীবনে আবারও নতুন বসন্তের আগমন ঘটছে, তা নিয়েই এখন মেতেছে বলিপাড়া।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






