‘সুড়ঙ্গ ২’এর ইঙ্গিত দিলেন রাফী-নিশো

ছবি- সংগৃহীত রাফী-নিশো
বেশ কিছুদিন ধরেই ঢালিউড পাড়ায় গুঞ্জন ছিল ২০২৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সিকুয়েল নিয়ে ফিরছেন নির্মাতা রায়হান রাফী। ২০২৫ সালে রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় আফরান নিশোর ‘মাসুদ’ চরিত্রটি দেখার পর থেকেই দর্শকদের মনে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আগ্রহ তৈরি হয়। অবশেষে রোববার নির্মাতা ও অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সেই জল্পনা আরও উসকে দিল।
রোববার রায়হান রাফী তার ফেসবুক পেজে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি কোলাজ করে লেখেন, “রায়হান রাফীর ফিল্ম ইউনিভার্সে স্বাগতম। একটা গল্পের সমাপ্তি, আরেকটি শুরু হতে যাচ্ছে। আপনি কি পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত?”
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘তাণ্ডব’ বা ‘তুফান’-এর সিকুয়েল নয়, বরং ‘সুড়ঙ্গ ২’ নিয়েই বড় পর্দায় ফিরছেন রাফী। ইতিমধ্যেই সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত হয়েছে। একই দিনে অভিনেতা আফরান নিশো তাঁর ফেসবুক স্টোরিতে লাল অক্ষরে শুধু ‘২’ লিখে পোস্ট করায় ভক্তদের আর বুঝতে বাকি নেই যে ‘সুড়ঙ্গ ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধুই সময়ের ব্যাপার।
উল্লেখ্য, আলফা আই ও চরকি প্রযোজিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর। যেখানে তার বিপরীতে ছিলেন তমা মির্জা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








