বিএনপি অফিসে ‘জয় বাংলা’ লেখায় মামলা, জেল হাজতে ছাত্রলীগ নেতা

ছবি- সংগৃহীত
ভোলার মনপুরায় দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ওই ছাত্রলীগ নেতাকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
মামলাটি করেছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরনবী ছৈয়াল।
মামলার আসামিরা হলেন— আটক ছাত্রলীগ নেতা, মো. শফিক, মো. শামীম, শাকিল, গিয়াস উদ্দিন, শিপন ও মালেক। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে।
মামলার বাদী নুরনবী ছৈয়ালের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের নেতা শফিক মিরের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।
অন্যদিকে আটক ছাত্রলীগ নেতার পরিবার দাবি করেছে, দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনার সঙ্গে তাদের সন্তান জড়িত নন। তাদের অভিযোগ, কোনো ধরনের সংশ্লিষ্টতা ছাড়াই তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পরিবারের সদস্যরা আরও দাবি করেন, ঘটনার সময় আহত হওয়া স্বেচ্ছাসেবক দল নেতার আঘাত নিজেদের লোকজনের লাঠির আঘাতে লেগেছিল। কিন্তু পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের সন্তানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







