কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

ছবি- সংগৃহীত মোশাররফ করিম দম্পতি
কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
পোস্টের তথ্য অনুযায়ী, রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে 'লাল বদর' বলে গালাগালি করে এবং তার দিকে তেড়ে যায়। পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতির কাছাকাছি পৌঁছালে ঘটনাস্থলে থাকা অন্য ব্যক্তিরা এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে নেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপির প্রভাবশালী নেতা রিফাত রশিদ। তিনি মোশাররফ করিমকে ‘জুলাইয়ের সহযোদ্ধা’ ও ‘শ্রেষ্ঠ অভিনেতা’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্টে লেখেন, ভারতীয় সীমানায় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব সস্ত্রীক হামলার শিকার হয়েছেন। তিনি ভারত সরকারকে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনে এর মারাত্মক প্রভাব পড়বে এবং কলকাতার সাথে নাটক, সিনেমা ও ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







