কয়েকজনের জন্য আমরা অনেক কথা শুনি : শবনম ফারিয়া

ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়মিতভাবে মতামত দিয়ে থাকেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য, অনলাইন বুলিং এবং মিডিয়ার নারীদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানের আলোচনায় সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য ও ট্রল সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখন প্রায় স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছে। তার মতে, এ সমস্যার সমাধান এখনই নিশ্চিতভাবে বলা কঠিন হলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরও সচেতন হলে কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব।
তিনি আরও বলেন, অনেক সময় অযথা অশালীন ও অপমানজনক মন্তব্য আসে, বিশেষ করে মিডিয়ার নারীদের লক্ষ্য করে। তার ভাষায়, মানুষের চিন্তাভাবনা ও পরিবেশের প্রভাবেই এমন বিকৃত মানসিকতা তৈরি হয়, যা অনলাইনে নেতিবাচক আচরণে প্রকাশ পায়।
অনলাইন হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জটিলতার কথাও তুলে ধরেন তিনি। শবনম ফারিয়ার মতে, থানায় জিডি করা থেকে শুরু করে আদালতে মামলা ও প্রমাণ উপস্থাপন পর্যন্ত পুরো প্রক্রিয়াই সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ।
এছাড়া শিশুদের ছোটবেলা থেকেই অনলাইন আচরণ ও নৈতিকতা শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বাস্তবে যে আচরণ করা যায় না, তা অনলাইনেও করা উচিত নয়—এই শিক্ষা পরিবার থেকেই দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, পুরো ইন্ডাস্ট্রিকে দায়ী না করলেও শোবিজের কিছু ব্যক্তির কারণে সাধারণভাবে সবাইকে নিয়ে ভুল ধারণা তৈরি হয়। তার ভাষায়, ইন্ডাস্ট্রিতে এমন কয়েকজনের আচরণের কারণে অন্যরাও সমালোচনার মুখে পড়েন, যদিও সবাই এক রকম নন।
নিজের ব্যক্তিত্ব নিয়ে প্রচলিত ধারণার প্রসঙ্গ টেনে শবনম ফারিয়া জানান, তাকে নিয়ে অনেক সময় ভুল ধারণা তৈরি হয়, যেমন তিনি রাগী বা বদমেজাজি। তবে তিনি এটিকে নেতিবাচকভাবে না দেখে নিজের জন্য একটি সুরক্ষাকবচ হিসেবেই দেখেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








