না ফেরার দেশে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেভি চেজ

ছবি- সংগৃহীত অভিনেত্রী ডেভি চেজ
হলিউডের জনপ্রিয় সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘দ্য রিং’-এর সেই ভয়ংকর ‘সামারা মর্গান’ চরিত্রের অভিনেত্রী ডেভি চেজ আর নেই। লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন এই মার্কিন অভিনেত্রী।
ডেভি চেজের দীর্ঘদিনের ম্যানেজার জন রায়ান জুনিয়র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হওয়ার পর রক্তের ইনফেকশন (সেপসিস) পুরো শরীরে ছড়িয়ে পড়ায় ডেভির মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি তীব্র অপুষ্টিজনিত সমস্যায়ও ভুগছিলেন।
মাত্র ৪ বছর বয়স থেকে লাস ভেগাসে ভয়েসওভার ও থিয়েটারের মাধ্যমে ডেভি চেজের অভিনয় জীবন শুরু হয়। ৭ বছর বয়সে জনপ্রিয় মার্কিন সিটকম ‘সাবরিনা দ্য টিনএজ উইচ’-এর মাধ্যমে হলিউডে পা রাখেন তিনি। এরপর ২০০১ সালে ‘ডনি ডার্কো’ সিনেমায় অভিনয় করে প্রথমবার সবার নজর কাড়েন।
তবে ২০০২ সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলা জাপানি ক্লাসিক সিনেমার আমেরিকান রিমেক ‘দ্য রিং’-এ অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান ডেভি। টেলিভিশন স্ক্রিন থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা সেই ভয়ংকর ভূত ‘সামারা মর্গান’ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি। এই অনবদ্য অভিনয়ের জন্য ২০০৩ সালে ‘এমটিভি মুভি অ্যাওয়ার্ডস’-এ সেরা খলঅভিনেতার পুরস্কার জিতে নেন তিনি। একই বছর ডিজনির ব্লকবাস্টার অ্যানিমেটেড সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ ‘লিলো’ চরিত্রে কণ্ঠ দিয়ে লাভ করেন মর্যাদাপূর্ণ ‘অ্যানি অ্যাওয়ার্ড’।
দীর্ঘ ১৫ বছর ধরে ডেভি চেজের ম্যানেজারের দায়িত্বে থাকা জন রায়ান জুনিয়র স্মৃতিকাতর হয়ে বলেন, ‘ও দারুণ একজন মানুষ ছিল। বিড়াল ভালোবাসত। নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করত ও। হলিউডের চাকচিক্যময় জীবন থেকে দূরে থাকা ওর পছন্দ ছিল। বড় স্টুডিওর সিনেমার চেয়ে ও স্বাধীন (ইন্ডিপেন্ডেন্ট) চলচ্চিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করত। অভিনয়কে ভালোবাসলেও কখনও তারকাখ্যাতির পেছনে ছোটেনি।’
উল্লেখ্য, ২০১৫ সালে তিনি অভিনয় জগৎ থেকে পুরোপুরি অবসর নেন। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে হলিউডের সহকর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হরর সিনেমা ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রাইমটিভি/বিএম










