গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ড্রেসম্যান লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকেরা। কিছুক্ষণ পর একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অসুস্থ কয়েকজন শ্রমিকের অভিযোগ, পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার পরপরই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
তবে কারখানার এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। তিনি বলেন, টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করার কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে থাকতে পারেন। কারখানার পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





