জাতীয় সংসদে প্রবেশ বা ত্যাগ করার সময় স্পিকারের চেয়ারের দিকে মাথা ঝুঁকিয়ে বা নত করে সম্মান জানানোর প্রচলিত নিয়ম বহু আগেই বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের সংসদ কক্ষে প্রবেশ, প্রস্থান কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের বিধান রয়েছে। তবে ‘ঝুঁকিয়া’ বা মাথা নত করে সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালি বিধি থেকে ২০০৬ সালেই বাদ দেওয়া হয়েছে।

স্পিকার বলেন, “সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান দেখানোর কথা কার্যপ্রণালি বিধিতে উল্লেখ রয়েছে। কিন্তু ২০০৬ সালে বিধি সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।”

তিনি জানান, তৎকালীন সংসদে কার্যপ্রণালি বিধি পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে ‘মাথা নোয়ানোর’ বিধান বাতিল করা হয়েছিল।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর সংশোধিত কার্যপ্রণালি বিধির ২৬৭(১) অনুযায়ী স্পিকারের চেয়ারের সামনে মাথা নত করার কোনো বাধ্যবাধকতা আর নেই। বরং সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুসারে সম্মান প্রদর্শন করতে পারবেন।

স্পিকারের এই বক্তব্যের মাধ্যমে সংসদীয় কার্যপ্রণালিতে প্রচলিত একটি বিষয় নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তির অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রাইমটিভি/কেআর