আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম

ছবিঃসংগৃহীত
আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার মাধ্যমে দলটিকে পুনর্বাসনের চেষ্টা হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়ে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও সরকারের রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ আরও অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









