বিশ্বকাপে সন্দেহজনক ড্রোন আতঙ্কে ফুটবলার

২০২৬ বিশ্বকাপ । প্রাইম টিভি
আগামীকাল সকালে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে সন্দেহজনক একটি ড্রোন দেখা যাওয়াকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক ও উদ্বেগ।
জানা গেছে, প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করেই আকাশে একটি ড্রোন দেখতে পান ফুটবলার ও স্টাফরা। বিষয়টি নজরে আসার পরপরই মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে ড্রোনটি নামিয়ে আনে। তবে ড্রোনটি কারা পাঠিয়েছে বা এর উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টরা খতিয়ে দেখছেন, এটি কেবল নজরদারির উদ্দেশ্যে পাঠানো হয়েছিল নাকি এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল।
দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, গতকাল অনুশীলনের সময় আকাশে ড্রোন দেখা যায়। সৌভাগ্যক্রমে তখনও আমাদের মূল প্রস্তুতি শুরু হয়নি। আমাদের দলের গোপন তথ্য জানার উদ্দেশ্যে ড্রোন ব্যবহার করা হয়েছিল কি না, তা আমরা জানি না। তবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এতে আমাদের প্রস্তুতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবারের এই ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিতের লড়াইয়ে নামছে দুই শক্তিশালী দল।
এর মধ্যেই সন্দেহজনক ড্রোন ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বকাপ শিবিরে। তদন্তের ফলাফলের দিকে এখন নজর সবার।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









