চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন বিষয় চালুর পরিকল্পনা: মাহদী আমিন

ছবি- সংগৃহীত
আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বিষয় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ নামে আরও দুটি নতুন বিষয় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধু সনদনির্ভর না রেখে নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা, ক্রীড়া ও কর্মমুখী দক্ষতাভিত্তিক করতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে সমতা, ন্যায্যতা এবং সুযোগের সমবণ্টন নিশ্চিত হবে। শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমিয়ে প্রতিটি শিশুর জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করা হবে।”
শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা উন্নয়ন ও ইনোভেশন কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত কাজের দক্ষতা এবং যোগাযোগ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহদী আমিন আরও জানান, অষ্টম শ্রেণি থেকে ধাপে ধাপে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং হাতে-কলমে শিক্ষার সুযোগ বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষাকে পরীক্ষার ফলাফল বা সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









