সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত
বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে থাকা সদস্যরা ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইন অনুযায়ী তারা ঋণখেলাপি হিসেবে বিবেচিত নন।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী—বিশেষ করে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ প্রযোজ্য বিধিমালা অনুযায়ী—যদি কোনো ব্যক্তি আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত হন, তবে তিনি সংসদ সদস্য পদে অযোগ্য বলে বিবেচিত হন।
তিনি আরও বলেন, “নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো ঋণগ্রস্ত হতে পারেন, কিন্তু তিনি ঋণখেলাপি নন। কেউ যদি দাবি করেন যে এই সংসদে ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে, তা আইনগতভাবে সঠিক নয়।”
মন্ত্রী জানান, যাদের বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মামলা ছিল, সেগুলো আদালতে নিষ্পত্তির পরই তারা বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদে এসেছেন। ফলে তাদেরকে ঋণখেলাপি বলা যায় না।
তিনি আরও বলেন, “এ ধরনের বক্তব্য মানহানিকর এবং এটি সংসদীয় রেকর্ড থেকে এক্সপাঞ্জ করা উচিত।”
এদিকে অধিবেশনে নাহিদ ইসলাম বলেন, তিনি আগেও ঋণখেলাপি ইস্যুতে বক্তব্য দিয়েছেন এবং সংসদে থাকা কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য রয়েছে। তবে সম্মান রক্ষার্থে তিনি কারও নাম প্রকাশ করেননি।
তিনি আরও মন্তব্য করেন, সংসদে যদি ঋণখেলাপি সদস্য থাকে, তবে জনগণ স্বাভাবিকভাবেই এই সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলে আখ্যা দিতে পারে।
উভয় পক্ষের এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





