রাঙামাটির বরকল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত সটকে পড়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামালের আর্থিক মূল্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মালামালগুলো অবৈধ উপায়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে পাচারকাজে ব্যবহৃত পণ্যগুলো জব্দ করেন।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ১৮ বস্তা রসুন ও ৯ বস্তা সার আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং যেকোনো ধরনের অবৈধ পাচার রোধে বিজিবির এই ধরনের নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রাইমটিভি/বিএম