ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বসাচ্ছে ডিএমপি

ছবি- সংগৃহীত
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম পর্যায়ে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এআই প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ডিএমপির সঙ্গে সমন্বয় করবে ঢাকার দুই সিটি করপোরেশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ধাপে ধাপে স্বয়ংক্রিয় করা হবে। এতে যান চলাচল আরও দ্রুত, নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়, যেখানে রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, এই উদ্যোগ বাস্তবায়নে অতিরিক্ত কোনো বড় বাজেট বা বিশেষ তহবিলের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, পুলিশের নিজস্ব তহবিল থেকেই প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়।
দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব স্বয়ংক্রিয় সিগন্যাল তৈরি করে, যা প্রয়োজন অনুযায়ী ম্যানুয়াল নিয়ন্ত্রণেও চালানো যায়। প্রকল্পটির অর্থায়ন করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
বর্তমানে এআইভিত্তিক ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তের সফটওয়্যারও যুক্ত করা হয়েছে। এতে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইনভঙ্গকারীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে বলে জানানো হয়েছে।
ডিটিসিএ সূত্রে জানা যায়, ঢাকায় প্রথম ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয় ১৯৬০-এর দশকে। পরবর্তীতে একাধিকবার বিভিন্ন প্রকল্পে সিগন্যাল ব্যবস্থা চালু করা হলেও দীর্ঘমেয়াদে তা কার্যকর রাখা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এআইনির্ভর এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসতে পারে। তবে প্রযুক্তির ধারাবাহিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং সমন্বিত ব্যবস্থাপনাই হবে প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





