বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়ায় অভিনয়ে আসার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেলেও নিজের যোগ্যতায় পোক্ত অবস্থান গড়ে নিয়েছেন আলিয়া ভাট। হয়ে উঠেছেন মুম্বাই সিনেমার এ যুগের অন্যতম সেরা অভিনেত্রী। বর্তমানে তিনি তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলফা’ নিয়ে বেশ চর্চায় রয়েছেন এবং ছবির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।

0dceebef311942bab57d29ad92a15f73a581aaa49698abe6

নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছেন তিনি। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি। আমার মাথায় সবসময় একটাই স্বপ্ন ছিল, একদিন টেলিভিশনের পর্দায় নিজেকে দেখব। বিশ্বাস ছিল, ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম হয়েছে।’

PH-3-Recokkfdgg-20250823044450

পারিবারিক সূত্রে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার না করে আলিয়া বলেন, ‘আমার পথচলা অন্যদের থেকে আলাদা। জানি, বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে এসে এসব বলা সহজ। কিন্তু সেই জায়গা থেকেও বলছি, সবার জীবনেই খারাপ দিন আসে, হতাশার সময় আসে। তখন নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিতে হয়, স্বপ্ন দেখার অধিকার আমারও আছে এবং নিজের ওপর বিশ্বাস রাখার অধিকারও আছে।’

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান ছবি ‘আলফা’। ছবিটিতে আলিয়ার সঙ্গে আছেন শর্বরী ওয়াগ, ববি দেওল, অনিল কাপুর প্রমুখ এবং বিশেষ চরিত্রে হাজির হবেন হৃতিক রোশন। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

প্রাইমটিভি/বিএম