নেত্রকোণার হাওর বেষ্টিত দুই উপজেলায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া ও মদন উপজেলায় এই পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন— মদন উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটা শ্রমিক রাজীব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলি গ্রামের শামসুল হুদা (৫৫) এবং একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনের জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পেশায় তিনি স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

অন্যদিকে, কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সকালে উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া একই উপজেলার ডাউকী গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক এই ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাঁদের নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাইমটিভি/বিএম