ঐশ্বরিয়াকে ‘আন্টি’ ডেকে তোপের মুখে সোনম কাপুর

ছবি- সংগৃহীত ঐশ্বরিয়া রায় এবং সোনম কাপুর
বলিউডের তারকাদের ব্যক্তিগত মন্তব্য বা রসিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। তবে কিছু বিতর্ক সময়ের সাথে হারিয়ে না গিয়ে আরও বেশি জোরালো হয়ে ওঠে। তেমনই একটি ঘটনা ছিল অভিনেত্রী সোনম কাপুরের করা ‘আন্টি’ মন্তব্য, যা ২০০৯ সালে বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল।

ঘটনাটি ২০০৯ সালের। আন্তর্জাতিক একটি নামী প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে ভারতের প্রতিনিধিত্ব করছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই বছর ব্র্যান্ডটির নতুন ভারতীয় মুখ হিসেবে যুক্ত হন অনিল কাপুর-কন্যা সোনম কাপুর। স্বাভাবিকভাবেই কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় দুই প্রজন্মের এই দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা।
তবে উৎসব শুরুর আগেই এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করে বসেন সোনম। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বলিপাড়া জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই সোনমের এই বক্তব্যকে অত্যন্ত অসম্মানজনক ও অপেশাদার আচরণ বলে অভিহিত করেন।
সমালোচনার মুখে পড়েও অবশ্য নিজের অবস্থান থেকে একদমই সরে আসেননি সোনম কাপুর। বরং নিজের বক্তব্যের পক্ষে এক অদ্ভুত ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঐশ্বরিয়া তার বাবা অনিল কাপুরের সঙ্গে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ এবং ‘তাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। সেই পারিবারিক পরিচয়ের সূত্র ধরেই তিনি ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে ডেকেছেন। সোনমের দাবি ছিল, ঐশ্বরিয়া যেহেতু তার চেয়ে ভিন্ন প্রজন্মের একজন অভিনেত্রী, তাই তাকে আন্টি বলাটাই স্বাভাবিক এবং এর পেছনে কোনো বিদ্বেষ বা অসম্মানের উদ্দেশ্য ছিল না।

সোনমের এই মন্তব্য বলিউডের কোনো মহলই ভালোভাবে নেয়নি। সে সময় বলিপাড়ায় জোর গুঞ্জন ওঠে, জুনিয়র অভিনেত্রীর এমন মন্তব্যে প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এমনকি একই ব্র্যান্ডের প্রতিনিধি হওয়া সত্ত্বেও কানের লালগালিচায় সোনমের সঙ্গে ফ্রেম শেয়ার করতে বা উপস্থিত হতে সাফ অনীহা প্রকাশ করেছিলেন তিনি। যদিও এই বিষয়ে দুই তারকার কেউই কখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
সময়ের ব্যবধানে অবশ্য দুই অভিনেত্রীর মধ্যকার এই তিক্ত সম্পর্কের বরফ গলে জল হয়েছে। পরবর্তী সময়ে সোনম কাপুর নিজেও এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে, সে সময় বিষয়টি আরও পরিণতভাবে বা ম্যাচিউরড উপায়ে সামাল দেওয়া উচিত ছিল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







