মুক্তির পর থেকেই দেশ-বিদেশে তুমুল আলোড়ন তৈরি করেছিল মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র। তার ঠিক তিন বছর পর এবার সম্পূর্ণ ভিন্ন এক আবহ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছে তার নতুন সিনেমা ‘রইদ’। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো। আর ‘রইদ’ দেখে মুগ্ধতা লুকাতে পারেননি দেশের গুণী অভিনেতা, পরিচালক ও লেখক গাজী রাকায়েত।

সিনেমাটি দেখার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গাজী রাকায়েত বলেন, ‘আমি একদম সাধারণ দর্শক হিসেবে একেবারে সাদা-মাটা একটা গল্পকে দেখেছি। এই গল্পটা দেখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে, মানব-মানবীর এত সুন্দর প্রেমের গল্প। যেদিন থেকে চলচ্চিত্র হয়েছে, সেইদিন থেকে আজ পর্যন্ত এই বিশ্ব চলচ্চিত্র ধারায় মাস্টারপিসগুলো যুক্ত হয়েছে।’

তিনি বিশ্বাস করেন, এই সৃষ্টিটি দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক দরবারে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। তার কথায়, ‘এই চলচ্চিত্রটা বাংলাদেশের চলচ্চিত্র হয়ে বিশ্ব চলচ্চিত্রের একটি বড় জায়গায় চলে গেছে। আমরা সবসময় বলি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র হয়ে ওঠে যখন এটা একটা আঞ্চলিক চলচ্চিত্র হয়ে ওঠে। এটা একটা বাংলাদেশের চলচ্চিত্র হয়ে, এটা একেবারেই আন্তর্জাতিক একটা জায়গায় চলে গেছে।’

প্রাইমটিভি/বিএম