জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী

ছবি- সংগৃহীত অভিনেতা জাহের আলভী
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলায় ছোটপর্দায় পরিচিত মুখ অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে অভিনেতার জামিন আবেদনে উল্লেখ করা হয়, আলভী এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ে করার কারণে বাদী ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে এই মামলাটি দায়ের করেছেন এবং এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আবেদনে আরও বলা হয়, আসামি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিস বা গুরুতর হাঁপানি রোগে ভুগছেন। গত ১৩ জুন তীব্র অ্যাজমা অ্যাটাক হলে তাকে বক্ষব্যাধি ইনস্টিটিউটের জরুরি বিভাগেও নেওয়া হয়েছিল। বর্তমান শারীরিক অবস্থায় জেল-হাজতে আবদ্ধ থাকলে তাঁর শ্বাসরোধ হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে জামিনের আর্জি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









