আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ

ছবিঃ সংগৃহীত আল্লু অর্জুন
‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার স্ক্রিনিংয়ে এক নারীর পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় ভারতের হায়দরাবাদের একটি আদালত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনসহ ২০ জন অভিযুক্তকে আগামী সোমবার (২২ জুন) সশরীরে হাজির হওয়ার জন্য জরুরি নোটিশ দিয়েছেন। এ ঘটনার পর থেকে টানা দুই বছর ধরে আইনি বিপাকে রয়েছেন এই নায়ক।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’। এর আগের দিন, ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। প্রিয় তারকা আল্লু অর্জুনকে একনজর দেখতে সেখানে হাজার হাজার ভক্তের ঢল নামে। অতিরিক্ত ভিড়ের চাপে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান এবং তাঁর ৯ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়। এই ঘটনায় মামলা হলে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আল্লু অর্জুন গ্রেপ্তার হন এবং এক রাত পুলিশ হেফাজতে থাকার পর হাইকোর্ট থেকে জামিন পান।
সম্প্রতি পুলিশ আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে অভিনেতা আসবেন জেনেও থিয়েটার কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। এই চার্জশিটের ভিত্তিতেই আল্লু অর্জুন, তাঁর ব্যবস্থাপক, স্টাফ ও থিয়েটার মালিকসহ ২০ জনকে তলব করা হয়েছে, যার মাধ্যমে সোমবার থেকেই মামলাটির আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









