কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪

কাশ্মীরে সহিংসতা । সংগৃহীত
পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে (এজেকে) টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন জারি করেছে কর্তৃপক্ষ। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি ২০ জন সাধারণ নাগরিক। সহিংসতায় প্রায় শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া আন্দোলন দমনে এখন পর্যন্ত পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ২৭ জুলাই আজাদ কাশ্মীরের ৪৫ সদস্যের আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ভারত-শাসিত কাশ্মীর থেকে পাকিস্তানে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত ৯ জুন থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)।
অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে গড়ে ওঠা সংগঠনটিকে সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করলেও আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রেখেছে। বর্তমানে হাজার হাজার বিক্ষোভকারী আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের রাওয়ালকোট শহরের উপকণ্ঠে অবস্থান করছেন।
দীর্ঘদিনের অচলাবস্থার কারণে আজাদ কাশ্মীরে তীব্র খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে। ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ থাকায় ব্যাংকিং কার্যক্রম এবং এটিএম সেবাও ব্যাহত হয়েছে। সরকারি নির্দেশে পেট্রোল পাম্প ও অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে গেছে এবং দাম বেড়েছে কয়েকগুণ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জরুরি ওষুধ ও খাদ্যসামগ্রী সংগ্রহ করাও এখন কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ, যাদের কয়েকদিন ধরে কোনো আয়-রোজগার নেই।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে লাহোরে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৈঠকে তিনি সহিংসতায় বেসামরিক নাগরিক ও সরকারি কর্মকর্তাদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন।
কাশ্মীরের জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে নওয়াজ শরিফ বলেন, চলমান সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তিনি আন্দোলনকারীদের অবরোধ ও অবস্থান কর্মসূচি পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানান এবং জাতীয় সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: গালফ টুডে
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









