আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে না দেখে “মাফিয়া পার্টি” হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ওই এলাকাকে বহু বছর ধরে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেখানে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন এবং তাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ