চার জেলায় বন্যার আভাস

বন্যার ছবি সংগৃহীত
দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিনে বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। পরে দুই দিনে তা বাড়লেও বিপৎসীমার নিচেই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় সোমেশ্বরী, জিঞ্জিরাম, কংস ও ভুগাই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একইভাবে সিলেট বিভাগের সারিগোয়াইন, খোয়াই, যাদুকাটা, মনু ও ধলাই নদী এবং চট্টগ্রাম বিভাগের মুহুরী, সাঙ্গু, সেলোনিয়া, গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানিও আগামী তিন দিনে বাড়তে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





