স্বামীর পাসপোর্ট বাতিলের আর্জি গায়িকা দেবলীনার

ছবিঃ সংগৃহীত প্রবাহ নন্দী এবং দেবলীনা
চলতি বছরের শুরুতে আত্মহত্যার চেষ্টা করে আলোচনায় আসা গায়িকা ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর ভাঙা সংসার আর জোড়া লাগেনি। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি তার স্বামী প্রবাহ নন্দী দাবি করেন, শাশুড়ির অতিরিক্ত হস্তক্ষেপ ও ব্ল্যাকমেলের কারণেই তাদের দাম্পত্যে চিড় ধরেছে।

পাল্টা পদক্ষেপে দেবলীনা এবার স্বামীর পাসপোর্ট বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। গায়িকার আইনজীবীর অভিযোগ, হানিমুনে দেবলীনাকে মারধর এবং ৬ তলার ব্যালকনি থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়া, সম্প্রতি দেবলীনার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে হেনস্থা করার অভিযোগে 'ভারতীয় ন্যায় সংহিতা'র অধীনে নতুন মামলা করা হয়েছে।

প্রবাহ পেশায় একজন বৈমানিক। আইনজীবীর দাবি, প্রবাহ মদ্যপ এবং নেশাগ্রস্ত অবস্থায় বিমান চালালে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এবং উড়ানের অনুমতি না পান, সেজন্য তার কর্মস্থলেও বিষয়টি জানানোর পরিকল্পনা করা হচ্ছে।
বর্তমানে চন্দননগরের শ্বশুরবাড়ি থেকে পুলিশের উপস্থিতিতে নিজের জিনিসপত্র উদ্ধার করে এনেছেন দেবলীনা। দীর্ঘদিন আলাদা থাকলেও তাদের বিবাহবিচ্ছেদ এখনও সম্পন্ন হয়নি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







