রোবটের ভূমিকায় অভিনয় করছেন জেনা ওর্তেগা

ছবিঃ সংগৃহীত জেনা ওর্তেগা
রহস্য, হরর কিংবা থ্রিলার ঘরানার বাইরে গিয়ে এবার সম্পূর্ণ ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হচ্ছেন হলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী জেনা ওর্তেগা। নোবেলজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরোর ২০২১ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ক্লারা অ্যান্ড দ্য সান’ সিনেমায় তাকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের ভূমিকায় দেখা যাবে।

সম্প্রতি প্রকাশ পাওয়া সিনেমাটির প্রথম ঝলক দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে। সিনেমার গল্পে ‘ক্লারা’ (জেনা ওর্তেগা) হলো একটি সৌরশক্তিচালিত ‘কৃত্রিম বন্ধু’। অসুস্থ ও নিঃসঙ্গ এক কিশোরীর সঙ্গী হিসেবে তার মা ক্লারাকে কিনে আনেন। এরপর মানুষের আচরণ, আবেগ, ভালোবাসা এবং একাকিত্বকে নিজের মতো করে বুঝতে শুরু করে ক্লারা। মানুষের সঙ্গে একটি কৃত্রিম সত্তার এই মনস্তাত্ত্বিক সম্পর্কই চলচ্চিত্রের মূল উপজীব্য।
‘থর: র্যাং করক’ খ্যাত পরিচালক তাইকা ওয়াইটিটি জানান, শুরুতে তিনি সিনেমাটিকে নিজের চেনা কমেডি ঘরানায় বানাতে চেয়েছিলেন। তবে উপন্যাসের আবেগ ও গভীরতা অক্ষুণ্ন রাখতে পরে একে নিজের ক্যারিয়ারের সবচেয়ে নাটকীয় ও আবেগনির্ভর চলচ্চিত্রে রূপ দিয়েছেন। ব্যতিক্রমী এই ভবিষ্যতের পৃথিবীতে প্রযুক্তি থাকলেও মানুষের জীবন থেকে ইন্টারনেট প্রায় নিখোঁজ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






